ক্যাসপারস্কি ল্যাবের গবেষণা অনুযায়ী, আজকাল অধিকাংশ মানুষই কোনো কিছু মনে করতে বা স্মরণে রাখতে চান না বরং দ্রুত উত্তর খোঁজার জন্য সার্চ ইঞ্জিনের ওপরেই নির্ভর করেন।
যুক্তরাষ্ট্রে প্রায় এক হাজার মানুষের ওপর জরিপ করে ক্যাসপারস্কি ল্যাব। দেখা গেছে, ৯১ দশমিক ২ শতাংশ জরিপের উত্তরদাতা বলেছেন, মস্তিষ্কের বাড়তি সাহায্য হিসেবে তাঁরা ইন্টারনেট ব্যবহার করেন। তবে গবেষকেরা বলছেন, সবচেয়ে বাজে বিষয় হচ্ছে, আমাদের সব দেখা-শোনার ইন্টারনেট অলস করে তুলছে আমাদের। প্রায় ৫০ শতাংশ উত্তর দাতা বলেছেন, কোনো কিছু মনে করার জন্য চেষ্টার আগেই তাঁরা চালু করে বসেন ইন্টারনেট।
গবেষণায় দেখা গেছে, অনেক বয়স্ক ব্যক্তিও পরিবারের সদস্য বা কাছের বন্ধুর গুরুত্বপূর্ণ ফোন নম্বরও মনে করতে পারেন না। এ ছাড়াও অনলাইনে তথ্য সুরক্ষার জন্য মানুষ এখনো বেশি সচেতন নয় বলেও জানিয়েছে ক্যাসপারস্কি। মাত্র এক-তৃতীয়াংশেরও কম মানুষ তাদের যন্ত্রের জন্য নিরাপত্তা সুরক্ষা নেয়। (আইএএনএস)